বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ব্যাটিং পরামর্শকের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার।
জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই বাঙ্গারকে টাইগারদের টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে পেতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই পক্ষের মধ্যে আলোচনাও এগিয়ে ছিল অনেক দূর। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী অবশ্য বলেছিলেন, এখনো কোনো কিছু চূড়ান্ত হয়।
এর মধ্যেই বাঙ্গার জানালেন নিজের অবস্থান। স্টার স্পোর্টসের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে তার। যে চুক্তির কারণেই বিসিবির প্রস্তাব গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন এই ভারতীয়।
সংবাদ সংস্থা পিটিআইকে বাঙ্গার বলেন, ‘আট সপ্তাহ আগে আমাকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে আমি স্টারের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। যা আমাকে আমার ব্যক্তিগত এবং পেশাদার প্রতিশ্রুতিগুলোকে ভারসাম্যপূর্ণ করার সুযোগ করে দেয়। তবে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’
ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা বাঙ্গার ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন বাঙ্গার। ২০১৯ বিশ্বকাপের পর তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এই মুহূর্তে টাইগারদের সঙ্গে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন নিল ম্যাকেঞ্জি। তবে দক্ষিণ আফ্রিকান এই কোচ শুধু সাদা বলের জন্য। বিসিবির অনুরোধে আপাতত লাল বলের দিকটাও দেখছেন তিনি। তবে বিসিবি লাল বলের জন্য (টেস্টের জন্য) বিশেষজ্ঞ একজন ব্যাটিং পরামর্শক খুঁজছে।