বিদেশ থেকে ফিরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে মোশাররফ করিম

কলকাতার ‘ডিকশনারি’ সিনেমার শুটিং শেষ করে সোমবার ঢাকায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দেশে ফিরেই হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন তিনি। তিনি জানান, মার্চের শুরুর দিকে কলকাতায় শুটিং করতে গিয়েছিলেন। কলকাতার নানা জায়গায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

দেশ রূপান্তরকে মোশাররফ করিম বলেন, ‘কলকাতা থেকে ফিরে সব শুটিং বাতিল করেছি। কারণ করোনা ঝুঁকির এই সময়ে শুটিংয়ে অংশ নেওয়া ঠিক হবে না। আমি নিজেও স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইন বেছে নিয়েছি। সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য নির্দেশনাগুলোও মেনে চলছি।’

মোশাররফ করিম আরও বলেন, ‘শুধু এখানেই নয়, কলকাতাতেও শুটিংয়ের সময় খুব সতর্ক ছিলাম। যাতে কোনোভাবে অ্যাফেক্টেড না হই। আমি মনে করি প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার।’

প্রসঙ্গত, ‘ডিকশনারি’ সিনেমায় মোশাররফ করিমকে মকর নামের চরিত্রে দেখা যাবে। একজন ধনাঢ্য ব্যক্তি। তার ছেলে ইংরেজি মাধ্যমে পড়ে। ছেলের সঙ্গে বাবার দ্বন্দ্ব নিয়েই ছবির গল্প। ছবিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পৌলোমী দাস।

বুদ্ধদেব গুহর দুটি ছোটগল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার অভিনয়শিল্পী ও সাংসদ নুসরাত জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায় প্রমুখ।