কভিড-১৯

জেরুজালেম পরিস্থিতি যুদ্ধের চেয়েও ভয়াবহ

করোনাভাইরাস ঠেকাতে ইসরায়েল ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করায় জেরুজালেমে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বাসিন্দাদের রোজগার শূন্যে নেমে এসেছে। রাস্তাঘাট খাঁ খাঁ করছে। জেরুজালেমের ওল্ড সিটির ট্যুর অপারেটর মুনিব আবু আসাব বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ বছর ২০২০।’ তিনি ১৯৬৭, ১৯৭৩ সালের যুদ্ধ, ১৯৯১ সালের গালফ যুদ্ধ ও ফিলিস্তিনি ইনতিফাদা আন্দোলন দেখেছেন। কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে এখনকার সংকট।

মুনিব বলেন, ‘আগে যুদ্ধবিগ্রহে ব্যবসায় মন্দাভাব এলেও কিছু আয় হতো। কিন্তু এখন ভয়ে কোনো পর্যটক আসছেন না। দোকানপাট সব বন্ধ। ওল্ড সিটি খাঁ খাঁ করছে। করোনা আমাদের মারছে, রোজগার শূন্যে ঠেকেছে।’