করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাত ৮টায় টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অনেকগুলো ইউনিট শুটিংয়ের জন্য ঢাকার বাইরে অবস্থান করার কারণে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তার জন্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় বৈঠকে বসেন টেলিভিশন সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের প্রতিনিধিরা।
সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ২২ থেকে ৩১ মার্চ টেলিভিশন নাটক সংশ্লিষ্ট সকল শুটিং বন্ধ থাকবে। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম দেশ রূপান্তরকে বলেন, ‘বিশ্বজুড়ে এই নাজুক পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা ভেবেই শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু ইউনিট যেহেতু ঢাকার বাইরে শুটিং করছে, তাদের কথা বিবেচনা করে ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এটি কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে বৃহস্পতিবার বিকেলে নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের নেতৃত্বে এস এ হক অলিক, ইরেশ জাকের, শহীদুজ্জামান সেলিম, সাজু মুনতাসীর, এজাজ মুন্না প্রমুখ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সচিবালয়ে দেখা করেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, বোম্বে ও কলকাতায় সব শুটিং বন্ধ করে দেয়া হয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলোও এ বৈশ্বিক দুর্যোগ থেকে মুক্ত থাকতে পারেনি। ইতালি এবং স্পেন পৃথিবীর উন্নত দেশ, সেখানের পরিস্থিতি ভয়াবহ।’
তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘দেশের নাট্যাঙ্গনের সকল সংগঠনের প্রতিনিধিরা ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল নাটকের শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
অন্যদিকে ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ ছাড়া ১৮-৩১ মার্চ শিল্পকলা একাডেমির ৫টি মিলনায়তনে সব রকম অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জনসমাগম হয় এমন অনুষ্ঠান না করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট। সব মিলিয়ে করোনা সংক্রমণরোধে স্থবির হয়ে পড়েছে দেশের সংস্কৃতি ও বিনোদন অঙ্গন।