অবশেষে হোম কোয়ারেন্টাইনে আওয়ামী লীগ নেতা কামরান

যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা না মেনে ঢাকা ও সিলেটে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যাপক সমালোচিত হন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, দলের কেন্দ্রীয় সদস্য, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বৃহস্পতিবার অবশেষে কোয়ারেন্টাইনে গেছেন তিনি।

বৃহস্পতিবার বিকালে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আর ঘর থেকে বের হব না। বিদেশফেরতদের ব্যাপারে সরকারের যে নির্দেশনা আছে তা অক্ষরে অক্ষরে মেনে চলব। সরকারি নির্দেশনা সবার জন্য সমান। কেউ আইনের উর্ধ্বে নয়, আমিও নই।’

প্রশ্নের জবাবে তিনি জানান, হোম কোয়ারেন্টাইনের বিষয়ে সরকারি নির্দেশনা তিনি অবগত ছিলেন না। তাই ঢাকা ও সিলেটে দলীয় দুই অনুষ্ঠানে তিনি যোগ দেন।

পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ফেব্রুয়ারি মাসে বদর উদ্দিন আহমদ কামরান যুক্তরাজ্যে যান। ১৫ মার্চ তিনি দেশে ফেরেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি বাসায় চলে যান।

তবে ১৫ মার্চের আগেই বিদেশফেরতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে সরকারি নির্দেশনা জারি হয়। বদর উদ্দিন আহমদ কামরান এ নির্দেশনা অমান্য করে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিনে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগদান করেন।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৮ মার্চ সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষের আলোচনাসভায়ও যোগ দেন কামরান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেই কামরানের এভাবে দলীয় কর্মসূচিতে যোগদানের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকার ঘোষণা দিলেন।