পুলিশ সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপিত হলো

 নিজস্ব প্রতিবেদক প্রবেশ মুখেই বঙ্গবন্ধুর তর্জনী উঁচিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ছবি। সেদিন রেসকোর্স ময়দানে লাখো মানুষের বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ভেতরে দেয়ালে দেয়ালে বঙ্গবন্ধুর ঘটনাবহুল সংগ্রামী রাজনৈতিক ও পারিবারিক জীবনের দুর্লভ আলোকচিত্র। এক পাশে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’।

রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বিশিষ্ট লেখকদের বিভিন্ন বই। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সদর দপ্তরের মূল ভবনের নিচতলায় স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, শতবর্ষের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য স্থাপন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। আগত দর্শনার্থীরা ‘বঙ্গবন্ধু কর্নার’ ব্যবহার করবেন। তারা এখানে বসবেন। বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করবেন। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করবেন।