নিখোঁজ কাজলের সন্ধান চান সাংবাদিকরা

অপহরণের মামলা নিল

প্রতিবেদক হাইকোর্টের হস্তক্ষেপে আট দিন পর নিখোঁজ সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের ছেলের মামলা নিয়েছে চকবাজার থানা পুলিশ। গত বুধবার রাতে দণ্ডবিধির ৩৬৫/৩৪ ধারায় মামলাটি করেছেন কাজলের ছেলে মনোরম পলক। গতকাল বৃহস্পতিবার তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন, এতে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি

 এজাহারে পলক লিখেছেন, তার বাবা কাজল সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে লেখালেখি করেন। সে কারণে তাকে অপহরণ করা হয়েছে। তিনি গত ১০ মার্চ চকবাজার থানাধীন ১৩/২, বকশীবাজারের বাসা থেকে বের হয়ে দৈনিক পক্ষকাল পত্রিকার অফিস ১৬৩- ১৬৪, মেহের টাওয়ার হাতিরপুলে যান। ওইদিন দুপুর আনুমানিক আড়াইটার পরে যেকোনো সময় অজ্ঞাত আসামিরা তাকে অপহরণ করেছে।

এ বিষয়ে কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন গত ১১ মার্চ চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পলক জানান, ১০ মার্চ নিখোঁজের পর থেকে তার বাবার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগের দিন বিকেলে সাংবাদিক কাজল ও মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর

 এরপর কয়েক দিন চকবাজার ও নিউ মার্কেট থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে গত বুধবার হাইকোর্টে গেলে পলককে আবারও মামলা করতে যাওয়ার নির্দেশ দেয় আদালত। এর কয়েক ঘণ্টা পর চকবাজার থানা মামলা নেয়।