করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতা অবলম্বন করছে সরকার। এ জন্য সব মন্ত্রণালয় ও সরকারের গুরুত্বপূর্ণ সভায় যোগদানে ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপাসহ হাতে জিবাণুনাশক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ অবস্থায় শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় গতকাল বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে অংশ নিতে পারেননি ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ও কৃ ষি সচিব মো. নাসিরুজ্জামান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভায় চলতি ২০১৯- ২০ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠকে প্রতিমন্ত্রী ও সচিবের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাদের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ধরা পড়ায় বৈঠকে অংশ না নেওয়ার পরামর্শ দেন নিরাপত্তা কর্মকর্তারা।