ভৈরবে হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৩৭ জন

কিশোরগঞ্জের ভৈরবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর গত ২৪ ঘণ্টায় ৩৭ জনকে স্বাভাবিক জীবনে ফেরার অনুমতি দিয়েছে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটি।

শুক্রবার সকালে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এ তথ্য জানান।

হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত জীবনে ফিরে যাওয়া ওই ৩৭ জন ইতালিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাড়ি এসেছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরোধ কমিটি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৩ জন।

অন্যদিকে হোম কোয়ারেন্টাইন না মানায় ১৪ জনকে রাখা হয়েছে হাসপাতাল কোয়ারেন্টাইনে। শহরের কমলপুর এলাকার নির্মাণাধীন ট্রমা সেন্টারে তাদের রাখা হয়েছে। সব মিলিয়ে ভৈরবে ১১৭ জন প্রবাসী হোম ও হাসপাতাল কোয়ারেন্টাইনে রয়েছেন।