বিশ্বজুড়ে করোনায় মৃত ১০ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩০ জনে। আক্রান্ত দুই লাখ ৪৪ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ এই তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নিয়মিত তথ্য সংরক্ষণ করছে।

মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৪০৫ জন আর চীনে মারা যায় ৩ হাজার ২৪৫ জন।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকেই কভিড-১৯ ভাইরাসের উৎপত্তি। শুধু অঞ্চলটিতেই মারা গেছে ৩ হাজার ১৩২ জন।

ইতালিতে সংক্রমণের পর করোনার নতুন কেন্দ্র এখন ইউরোপ। স্পেনে ৮৩৩ জন এবং ফ্রান্সে ৩৭২ জন মারা গেছে। ইউরোপের এই তিন দেশে আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া যুক্তরাজ্যে মারা গেছে ১৩৭ জন।  মহাদেশটির সবগুলো দেশে ভয়াবহ আকারে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। প্রতিদিন মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

এদিকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দেড়শ। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতেই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তবে করোনা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে ইরানে। দেশটিতে প্রতি ১০ মিনিটে একজন করে মারা যাচ্ছে।

দেশটির পার্লামেন্টের এমপিসহ শীর্ষ অনেক কর্মকর্তা আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। মারা গেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার মধ্যে আছেন শীর্ষ নেতা আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টাও।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। মারা গেছে একজন।