করোনাভাইরাসের সংক্রমণে গোটা মানবসভ্যতা পড়েছে সংকটের মুখে। ক্রিকেট তারকারাও বিপন্নতা বোধ করছেন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি টুইটারে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেছেন। কিংবদন্তি শেন ওয়ার্ন নিয়েছেন অভিনব উদ্যোগ। তার মদ তৈরির কোম্পানি ‘সেভেন জিরো এইট জিন’ মদের বদলে স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংক্রমণ রুখতে ‘জনতা কারফিউয়ের’ ডাক দিয়েছেন। কোহলি সেই উদ্যোগকে সমর্থন করে টুইটারে লিখেছেন, ‘আমাদের সতর্ক, সজাগ ও সচেতন থাকতে হবে এই লড়াইয়ে। আমরা দায়িত্বশীল নাগরিক। নিজেদের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন, সেগুলো মেনে চলতে হবে। এ দেশে যারা চিকিৎসার পেশার সঙ্গে যুক্ত ও সারা বিশ্বেই যারা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাদের কথা বিশেষভাবে উল্লেখ করছি। নিজেরা সতর্ক থেকে তাদের সাহায্য করুন। সবাই ব্যক্তিগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন।’
এদিকে শেন ওয়ার্নের মদ তৈরির কোম্পানি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুটি হাসপাতালের জন্য ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ ‘মেডিকেল-গ্রেড’ হ্যান্ড স্যানিটাইজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। লেগ স্পিন কিংবদন্তি বলেছেন, ‘অস্ট্রেলিয়ানদের জন্য এটা খুবই কঠিন সময়। আর এই সময়ে রোগটার সঙ্গে লড়াই করতে আর মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা ব্যবস্থাকে যে যেভাবে পারি আমাদের সাহায্য করা উচিত। আমার খুব খুশি লাগছে যে এই বদলটা (অ্যালকোহল থেকে স্যানিটাইজার তৈরি) ‘সেভেন জিরো এইট জিন’ করতে পেরেছে, অন্যদেরও অনুরোধ করছি সম্ভব হলে এমন কিছু করুন।’