করোনা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

করোনাভাইরাসে অনেক মানুষ মারা গেছে বলে যারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ ধরনের গুজবে কান না দিতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কারা এসব গুজব রটাচ্ছে তাদের শনাক্ত করতে সরকারের বিভিন্ন কারিগরি টিম ও বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। যারা এসব করছে তাদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে প্রতিদিন ব্রিফিং করে করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সরকার কিছু করেনি, সরকার তথ্য গোপন করছে এ ধরনের কথা বলা হচ্ছে। অথচ সরকারের পক্ষে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিদিন কতজন করোনাভাইরাসে আক্রান্ত, কাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, চিকিৎসাধীন যারা আছে সবকিছু জানানো হচ্ছে।

মন্ত্রী বলেন, বিএনপি সংবাদ সম্মেলন করে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটির সঙ্গে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটাচ্ছে দুটির মধ্যে যোগসূত্র আছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, দল-মত নির্বিশেষে বৈশ্বিক দুর্যোগ করোনা মোকাবিলা করতে হবে। এটি নিয়ে রাজনীতি করা খুবই দুর্ভাগ্যজনক। বিএনপিসহ সব রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানাব এটি একটি বৈশ্বিক দুর্যোগ, আমরা সবাই মিলে রাজনীতি ভুলে জনগণের পাশে দাঁড়ানো এ মুহূর্তে দায়িত্ব।

সরকার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে শিগগিরই টেরিস্ট্রিয়াল কেন্দ্র হিসেবে উন্নীত করতে যাচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, এজন্য যন্ত্রপাতি কেনার কাজও প্রক্রিয়াধীন। সর্বোচ্চ ছয় মাস সময়ের মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র একটি পূর্ণাঙ্গ টেরিস্ট্রিয়াল চ্যানেল হিসেবে শুরু করতে পারব। এখন এটি স্যাটেলাইট চ্যানেল হিসেবে চালু আছে।