করোনাভাইরাস

কেরানীগঞ্জের গার্মেন্টস পল্লীতে সতর্কতা নেই

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও উদাসীন কেরানীগঞ্জের কালীগঞ্জের গার্মেন্টস পল্লী কর্র্তৃপক্ষ। পল্লীর বেশিরভাগ পোশাক কারখানায় নিয়মের বালাই নেই। সীমিত পরিসরে দু-একটি প্রতিষ্ঠানে উদ্যোগ দেখা গেলেও, শ্রমিকরা তা না মেনে কাজ করছেন।

কালীগঞ্জ গার্মেন্টস পল্লীতে ছোট-বড় প্রায় পাঁচ হাজার কারখানা রয়েছে। এসব কারখানায় তিন লাখের বেশি শ্রমিক কাজ করেন। গতকাল শুক্রবার সরেজমিন দেখা যায়, কারখানার দুই থেকে তিন হাজার স্কয়ার ফিট জায়গায় কাজ করছেন ৬০ থেকে ১০০ শ্রমিক। পরস্পরের দূরত্ব এক হাতেরও কম। বেশিরভাগ কারখানায় নেই হাত ধোয়ার কোনো ব্যবস্থা।

কয়েকজন কারখানা মালিক জানান, এখানকার শ্রমিকদের করোনাভাইরাসের ঝুঁকি সম্পর্কে বোঝালেও, তারা বুঝতে চাচ্ছেন না। হাতকে জীবাণুমুক্ত করার কথা বললে বলছে, কিছুই হবে না, গরিবের সহায় আল্লাহ। বড় কারখানায় যা একটু-আধটু সতর্ক করা হচ্ছে। কিন্তু ছোট কারখানায় এসব কিছুই দেখা যায়নি। শ্রমিকরা জানান, আগের মতোই তারা কাজ করছেন। হাত ধোয়া ও মাস্ক ব্যবহার তাদের দরকার নেই।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, ‘আগানগর ইউনিয়ন চেয়ারম্যান এ বিষয়ে বৈঠক করেছেন। আজ (গতকাল) থেকে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়সহ আমরা সবাই মিলে কালীগঞ্জসহ সব এলাকায় সচেতনতামূলক কার্যক্রম চালাব।’