রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে মনির হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বনানী সেতু ভবনের পাশে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তবে কারা তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানতে পারেনি পুলিশ। রাজধানীর আদাবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন মনির।
বনানী থানার ওসি নূরে আযম দেশ রূপান্তরকে বলেন, মনিরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তবে খুনি কারা সেই বিষয়ে এখনো জানা যায়নি। যদিও তার মোবাইল ফোন ও মানিব্যাগ খোয়া যায়নি। ছিনতাইকারী বা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুই বিষয়কে সামনে রেখেই তদন্ত করছি।
বনানী থানার এসআই মো. ফজল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মনিরের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী গ্রামে। তার বাবার নাম হাবিবুর রহমান। থাকতেন পূর্ব নাখালপাড়ায়। সেখান থেকেই আদাবরে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তিনি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে তিনি বনানী সেতু ভবনের উত্তর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, মনির আদাবরে সিসি ক্যামেরা বিক্রয় প্রতিষ্ঠানে চাকরি করত। তার সঙ্গে কারও বিরোধের তথ্য জানা নেই।