ভিডিও প্রেস কনফারেন্সে সহায়তা দেবে আইসিটি বিভাগ : পলক

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর ভিডিও প্রযুক্তিতে প্রেস কনফারেন্স করতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সব ধরনের সহযোগিতা দেবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি দেশে করোনাভাইরাস পরিস্থিতি আরও জটিল হলে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনসহ সব ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। করোনাভাইরাস সংক্রমণের পর গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারে সরকারি পর্যায়ে প্রথমবারের মতো এই ভিডিও প্রেস কনফারেন্সের আয়োজন করে আইসিটি বিভাগ।

ভিডিও সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পলক বলেন, ‘আমরা প্রথমবার এ ধরনের ভিডিও প্রেস কনফারেন্স করছি। আশা করি এই দৃষ্টান্ত অন্য বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর অনুসরণ করবে। তাদের পাশাপাশি বেসরকারি খাতও এটা অনুসরণ করতে পারে যত দিন না পরিস্থিতি স্বাভাবিক হয়। এর জন্য সরকারের অফিসগুলো চাইলে তাদের ভিডিও প্রেস কনফারেন্সের জন্য আমরা সব ধরনের সহযোগিতা দেব। সব ধরনের প্রযুক্তিগত ও লজিস্টিক সাপোর্ট দিতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘এখনো করোনাভাইরাস পরিস্থিতি এতটা খারাপ নয়। তবে সামনের দিনে যদি অবস্থা খারাপের দিকে যায় সে জন্য প্রস্তুতি নিতেই এই আয়োজন।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেসের (বেসিস)  সভাপতি আলমাস কবীর বলেন, করোনার হাত থেকে বাঁচতে তিনি তার সদস্যদের ‘হোম অফিস’ প্রতিষ্ঠা করার জন্য বার্তা দিয়েছেন। একই সঙ্গে তারা সামনের জরুরি পরিস্থিতিতে বিজনেস কন্টিনিউটি প্ল্যান নিয়ে কাজ করছেন। সে জন্য সরকারের সহযোগিতার প্রয়োজন হবে।