করোনাভাইরাসের কারণে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র চিড়িয়াখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০-৩১ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার তথ্য কর্মকর্তা ওয়ালিউর রহমান দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিশ^ব্যাপী করোনা সংক্রমণের কারণে চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। এই সময়ে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা বন্ধ থাকলেও অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। চিড়িয়াখানায় থাকা প্রাণীদের যত্ন নেওয়াসহ অন্যান্য অফিসিয়াল কাজ চলমান থাকবে। ৩১ মার্চের পর পরিস্থিতি অনুযায়ী নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সবার নিরাপত্তার কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের সিনেমা হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি। টিভি নাটক সংশ্লিষ্ট ১৪টি সংগঠন ৩১ মার্চ পর্যন্ত শ্যুটিং বন্ধ রাখার কথা জানিয়েছে। রাজধানীর মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোও বন্ধ রয়েছে। সব মিলিয়ে স্থবিরতা তৈরি হয়েছে দেশের বিনোদন অঙ্গনে।