বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে দেশে চিকিৎসক, নার্সসহ হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকিতে রয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ড্যাব নেতৃবৃন্দ বলেন, ‘ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দেশে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের ন্যূনতম প্রতিরক্ষার ব্যবস্থা না করলে চিকিৎসকদের স্বেচ্ছায় কর্মবিরতিতে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এহেন অবস্থায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা যারা দেবেন তাদের পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্কসহ অন্যান্য সরঞ্জামের অপ্রতুলতার জন্য তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হয়েছেন।
ড্যাব নেতৃবৃন্দ আরও বলেন, প্রায় তিন মাস পূর্বে চীনের উহানে এই ভাইরাসটির প্রাদুর্ভাব হয়।