দিয়াবাড়ীতে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার

রাজধানীর দিয়াবাড়ীতে রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের (আবাসিক) একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

দিয়াবাড়ী এলাকার একটি ভবনে করোনাভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার খোলায় শুক্রবার প্রতিবাদ জানান ভবনের মালিক ও বাসিন্দারা। তারা ওই ভবনের সামনে দিনভর বিক্ষোভ করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দুটি কোয়ারেন্টাইনের দায়িত্ব বৃহস্পতিবার সেনাবাহিনীকে দেওয়া হয়।

কেন্দ্র দুটি হল- আশকোনায় হজ ক্যাম্প ও উত্তরা ১৮ নম্বর সেক্টরে অবস্থিত দিয়াবাড়ীর রাজউকের অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকা।

আবাসিক এলাকার বাসিন্দাদের দাবি ছিল, কোয়ারেন্টাইন সেন্টার হলে আবাসিক এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়বে। এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে।

কোয়ারেন্টিনের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছিল, সেই কুঞ্জলতা ভবনের অবস্থান একদম পশ্চিমে। কুঞ্জলতার চারটি ভবনে ৮৪টি করে মোট ৩৩৬টি ফ্ল্যাট রয়েছে।

আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়, দেশে করোনা আক্রান্ত ২০ জন। মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সন্দেহে আরও ৩০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৪ জন।