করোনা: কারাবন্দি আসামিদের আদালতে হাজির না করার নির্দেশ

দেশের অধস্তন আদালতসমূহে কারাবন্দি আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালত কক্ষে হাজির না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত (কভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে কারাবন্দি আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে উপস্থিতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত কক্ষে হাজির করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারাবন্দি আসামিদের কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মুলতবি করতে হবে।

এতে বলা হয়, এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালতসমূহে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো।’

করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। আরেকজন আইসিইউতে।