নভেল করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে ভারতের দমদম জেলে কড়াকড়ি আরোপ করায় পুলিশের সঙ্গে বন্দিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জেলের একটা বড় অংশের দখল নিয়ে নিয়েছেন অপরাধীরা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, জেলের ভেতরে তারা আগুন লাগানোর পাশাপাশি মই এনে পাঁচিল টপকানোর চেষ্টা করছেন। সংঘর্ষ চলাকালীন কেউ ওই ভাবে পালিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ ও কারাকর্মীদের একটা অংশকে সাজাপ্রাপ্তদের ওয়ার্ডে গিয়ে লুকোতে হয়েছে। জেলের যে অংশের দখল নিয়েছেন বন্দিরা, সেখানে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে বাইরে থেকে।
জেলবন্দিরা যাতে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে না পড়েন, সে জন্য সাময়িকভাবে পরিবারের লোকজনের সঙ্গে তাদের দেখা-সাক্ষাৎ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য কারা দপ্তর। শুক্রবারের ওই সিদ্ধান্ত ঘিরেই এ দিন সকালে গন্ডগোল শুরু হয়।