বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজনে লকডাউন বা জরুরি অবস্থা জারির পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি বর্ধন জং রানা।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের বাসভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। জরুরি অবস্থার বিষয়ে জানতে চাইছেন… এটা তো আসলে সরকারের সিদ্ধান্ত। তবে যদি জারি করতে পারেন, তবে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করা যেতে পারে। সরকারের প্রতি এটা আমাদের পরামর্শ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বর্ধন জং বলেন, ভয় পেলে চলবে না। সবাইকে একযোগে কাজ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বড়সড় বৈঠক করা থেকে বিরত থাকতে হবে।
সাঈদ খোকন বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি আগামী দিনে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তবে বাংলাদেশের মতো জনবহুল একটা দেশে কমপ্লিট লকডাউন ডিফিকাল্ট একটা বিষয়। তাছাড়া কত সময় পর্যন্ত লকডাউন থাকবে তার একটা বিষয় রয়েছে। কত সময় পর্যন্ত পারশিয়াল লকডাউন করা যায়, ঢাকা বা অন্য কোথাও বা ইমারজেন্সি লকডাউন করা যায় কিনা, তা আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।
বাংলাদেশে শনিবার পর্যন্ত নভেল করোনাভাইরাসসৃষ্ট কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে, আর এই রোগে মারা গেছেন দুইজন।