পাকিস্তান থেকে ফিরে আইসোলেশনে স্যামি

স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। পাকিস্তান থেকে সেন্ট লুসিয়ায় নামার পর নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেন তিনি। এক টুইট বার্তায় স্যামি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

টুইটারে শুক্রবার স্যামি লিখেছেন, ‘‌সবেমাত্র নামলাম সেন্ট লুসিয়ায়। সবার সঙ্গে দূরত্ব বজায় রাখছি, হাত ধুচ্ছি, মুখ, চোখ ও নাকে হাত দিচ্ছি না। যদিও আমার করোনাভাইরাস টেস্ট নেগেটিভ এসেছে পাকিস্তান ছাড়ার একদিন আগে। তবু প্রিয়জনদের দেখার জন্য ১৪ দিন অপেক্ষা করব।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পাকিস্তানে ছিলেন স্যামি। অ্যালেক্স হেলসের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যেতেই পিসিবি বাতিল করে দেয় পাকিস্তান সুপার লিগের সেমিফাইনাল ও ফাইনাল।