কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী ফেরির সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. সাজ্জাদ হোসেন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার সুতারপাড়া এলাকায় ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওমা. সাজ্জাদ হোসেন উপজেলার দক্ষিণ সুতারপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে উপজেলার সুতারপাড়া এলাকায় ধনু নদীতে একটি ফেরি পারাপারের সময় একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ফেরিটি ডুবে যায়। ফেরিতে থাকা সাজ্জাদ হোসেন বাল্কহেডের সঙ্গে চাপা খেয়ে নদীতে ডুবে যায় এবং একজন নারীসহ পাঁচজন যাত্রী আহত হন। পরে ডুবুরিরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকাল ৩টার দিকে মৃত অবস্থায় কিশোর সাজ্জাদকে উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।