চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস এলাকায় এক পরিবারের ৬ সদস্যকে ঘরে তালাবদ্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হোম কোয়ারেন্টাইন না মেনে দুবাই ফেরত আত্মীয় পরিবারের অন্য সদস্যদের নিয়ে অবাধে ক্যাম্পাসে ঘুরে বেড়ানোয় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসের আবাসিক শোভা কলোনি নামের এলাকায় বর্তমানে তারা ঘরে তালাবদ্ধ রয়েছেন।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।
এ বিষয়ে তিনি বলেন, দুবাই ফেরত একজনসহ একই পরিবারের মোট ৬ জন বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার একটি বাসায় তালা দিয়ে আটকে রাখা হয়েছে। তারা হোম কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন না, এমনকি কারও কথাও শুনছেন না। তাই বাধ্য হয়ে জনস্বাস্থ্য বিবেচনায় এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে চবি প্রশাসন।
সূত্রে জানা গেছে, দুবাই ফেরত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও সাবেক চবি ছাত্রলীগ নেতার ভগ্নিপতি। গত চার দিন আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন। ক্যাম্পাসের শোভা কলোনিতেই তার শ্যালক বসবাস করেন। তাই বিমানবন্দর থেকে সরাসরি তিনি বিশ্ববিদ্যালয়ে তার শ্যালকের বাসায় ওঠেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, দুবাই ফেরত হলেও হোম কোয়ারেন্টাইনের কোন নিয়মই তিনি মানছেন না। পুরো ক্যাম্পাসে পরিবারের অন্য সদস্যরা মিলে ঘুরে বেড়িয়েছেন। শনিবার সন্ধ্যায়ও তাকে ঘুরতে দেখেছি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওই কর্মচারী ও সাবেক ছাত্রলীগ নেতা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আমার ভগ্নিপতি দুবাই থেকে দেশে ফিরে আমার বাসায় বেড়াতে এসেছেন। বর্তমানে তিনি সহ ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিয়েছেন। তারা সেটি মেনে চলছেন।