করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ইফতেখার মোহাম্মদ আদনান (৪০) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) বিজয় বসাক।

বিজয় বসাক বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৫ সেকেন্ডের একটি অডিও ভাইরাল হয়। যেখানে টেলিফোনে রোহান নামে একজনকে সতর্ক করা হচ্ছিল। ওই অডিওতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ থেকে ১৯ জনের মৃত্যু হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিষয়টির তদন্তে নামে পুলিশ। পরে শনিবার অভিযান চালিয়ে আদনানকে গ্রেপ্তার করা হয়।

আদনান চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জানিয়ে উপকমিশনার বলেন, তিনি নগরীর ওআর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত রয়েছেন।