সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে শাহিনা আক্তার (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে তৈয়বপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজি জিল্লুর রহমান দিলার মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে শাহিনার স্বামী পরিচয় দেওয়া শরিফুল ইসলাম পলাতক।
জানা গেছে, শাহিনা কুষ্টিয়ার দৌলতপুর থানার চরসাদীপুর গ্রামের নওশেদ আলীর মেয়ে। তিনি সাভারের হেমায়েতপুরে এবি অ্যাপারেলস লি. কারখানায় স্যুইং অপারেটর হিসেবে কাজ করতেন এবং তার স্বামী পরিচয় দেওয়া শরিফুল কুষ্টিয়ার আলমডাঙ্গা থানার বড় গাংচিল এলাকার বাসিন্দা।
জিল্লুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম জানান, গত ১ মার্চ শাহিনা ও শরিফুল স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তাদের শ্রমিক কলোনির একটি কক্ষ ভাড়া নেন। শুক্রবার সকাল থেকে তাদের কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে শনিবার সকালে কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘর থেকে শাহিনার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার এসআই ফজর আলী জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী পরিচয় দেওয়া শরিফুল পালিয়ে গেছেন।