পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মানবজাতির অস্তিত্ব রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করতে হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ প্রতিনিয়ত প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য ন্যূনতম ২৫ শতাংশ বনভূমির প্রয়োজন। কিন্তু বাংলাদেশে মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ বনভূমি রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন কার্যক্রম ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বর্তমানে দেশের বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ। ২০২৫ সালের মধ্যে ২৪ ভাগের বেশি বনভূমিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরেই আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বনভূমি রক্ষা করতে হবে।