করোনাভাইরাস সংক্রমণের ফলে প্রভাব পড়েছে ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনেও। দুই মাসেরও বেশি সময় ধরে চলমান শাহিনবাগ আন্দোলন থমকে গেছে করোনা আতঙ্কে।
তবে জমায়েত দেখা না গেলেও অভিনব কায়দায় শাহিনবাগে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সিএএ'বিরোধীরা। মানুষ না থাকলেও কয়েক হাত দূরে দূরে বসে আছেন মাত্র পাঁচজন বিক্ষোভকারী। আর বাকি জায়গায় রাখা হয়েছে জুতা-স্যান্ডেল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ডাকে রবিবার দেশজুড়ে জনতা কারফিউ পালন করা হয়। এতে জরুরি দরকার ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না। ফলে এদিন অভিনব কায়দায় প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
সিএএ বিরোধী আন্দোলনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন শাহিনবাগের নারীরা। শিশু কোলে নিয়ে দুই মাসেরও বেশি সময় ধরে রাস্তায় অবস্থান ধর্মঘট করছেন তারা। এর মধ্যে সিএএ সমর্থনকারীরা একাধিকবার শাহিনবাগে হামলা চালায়।
এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে। এর মধ্যে মারা গেছেন ৭ জন। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ পর্যন্ত সব রকম যাত্রীবাহী ট্রেন, মেট্রো বন্ধ করে দেয়া হয়েছে।