করোনায় আক্রান্ত দ্বিতীয় কুকুর শনাক্ত

হংকংয়ে করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর পোষা কুকুরের দেহেও ভাইরাস ধরা পড়েছে বলে চীননিয়ন্ত্রিত অঞ্চলটির সরকার নিশ্চিত করেছে। কয়েক দফা পরীক্ষায় কুকুরটির দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায় বলে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

হংকংয়ের কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগের (এএফসিডি) বিবৃতিতে জানানো হয়, পোক ফু লাম এলাকায় বসবাস করা ওই জার্মান শেফার্ড প্রজাতির কুকুরটিকে একই এলাকার অন্য একটি মিশ্র জাতের কুকুরের সঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মিশ্র জাতের কুকুরটির দেহে এখন পর্যন্ত ভাইরাস পাওয়া যায়নি। কোনো কুকুরের মধ্যেই কভিড-১৯-এর উপসর্গ নেই। আমাদের বিভাগ দুটি কুকুরকেই নিবিড় পর্যবেক্ষণ করছে এবং ধারাবাহিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে।’

এএফসিডি এক সতর্কবার্তায় কুকুর, বিড়ালদের ধরার আগে ও পরে এগুলোর দেখভালকারীদের ভালোমতো হাত ধুয়ে নিতে পরামর্শ দিয়েছে। পোষ্যপ্রাণীদের খাবার ও অন্যান্য কিছু ধরার বেলায়ও একই সতর্কতা মেনে চলতে বলেছে তারা। পোষা কুকুর ও বেড়ালকে চুমু না খেতেও পরামর্শ দিয়েছে তারা।

কৃষি, মৎস্য ও সংরক্ষণ বিভাগ বলছে, কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার স্তন্যপায়ী পোষাপ্রাণীদের কোয়ারেন্টাইনে রাখা হবে।