করোনাভাইরাস

সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আনবেন গাসিক মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, করোনাভাইরাস শনাক্তে নগরীর জন্য সিঙ্গাপুর থেকে ১০ হাজার কিট আনা হচ্ছে। গতকাল রবিবার দুপুরে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে করোনাভাইরাস সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, করোনাভাইরাস মোকাবিলায় নগরীর ওয়ার্ডভিত্তিক ৬৩টি কমিটি গঠন করা হয়েছে। তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক কাজ করছে। সিঙ্গাপুর ছাড়াও বিভিন্ন দেশ থেকে আরও কিট আনার চেষ্টা করছি। তিনি আরও বলেন, গাজীপুরে ২২ লাখের মতো পোশাকশ্রমিক রয়েছেন। কোনো শ্রমিকের জ¦র, ঠাণ্ডা লাগলে তাকে যেন ছুটি দেওয়া হয়। শ্রমিকদের বাসায় অবস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের সঙ্গে সিটি করপোরেশন সহযোগিতা করবে। এ সময় তিনি শ্রমিকদের আর্থিকভাবে সহায়তা দেওয়ারও আশ্বাস দেন।