ছাত্র ইউনিয়নের বিনামূল্যের স্যানিটাইজার

কাঁচামাল সংকটে উৎপাদন বন্ধের ঝুঁকিতে

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে ছাত্র ইউনিয়ন। এসব স্যানিটাইজার ঝুঁকিতে থাকা পেশাজীবী ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করছে সংগঠনটি। এরই মধ্যে তারা ৫০ মিলিলিটারের ১২ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিলি করেছে। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন, কেমিক্যাল ও অর্থ সংকটের কারণে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে তাদের এ কার্যক্রম।

গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির শহীদ মুনীর চৌধুরী কনফারেন্স হলে দেখা যায়, হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে সংগঠনটির শতাধিক কর্মী। স্যানিটাইজার উৎপাদনে সহযোগিতা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে তাদের কার্যক্রম। প্রতিদিন শতাধিক স্বেচ্ছাসেবক দুই সিফটে ভাগ হয়ে কাজ করছে।