করোনা রিপোর্টে ‘পুরুষ’ কণিকা, বয়স কমেছে ১৩ বছর

প্রথম বলিউড সেলিব্রিটি হিসেবে করোনাভাইরাসের পজিটিভ রিপোর্ট এসেছে কণিকা কাপুরের। তবে তার থেকেও বেশি আলোচনায় উঠে আসছে গায়িকার দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ, লন্ডন থেকে ফিরে ৩০০ জনের সঙ্গে পার্টি করা, ঘুরে বেড়ানো ও হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার।

জি নিউজ জানায়, এসবের মাঝেই কণিকার রিপোর্ট কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার।

তাদের দাবি, কণিকাকে করোনা আক্রান্ত চিহ্নিত করে যে রিপোর্ট পেয়েছেন, তাতে বয়স ও লিঙ্গ দুটোই ভুল রয়েছে। রিপোর্টে কণিকার বয়স ৪১ এর বদলে ২৮ দেওয়া রয়েছে, আর লিঙ্গ পুরুষ।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য সামনে আসেনি।

গত ২০ মার্চ কণিকা কাপুরের করোনা আক্রান্ত হওয়ার খবর মেলে। তার জ্বর আসছিল ও অন্যান্য উপসর্গ দেখা দিয়েছিল বলে জানা যায়। এরপরই শারীরিক পরীক্ষা করে কভিড-নাইনটিন পজিটিভ আসে। তখন থেকে তিনি হাসপাতালেই রয়েছেন।

মার্চের দ্বিতীয় সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরে একাধিক পার্টিতে অংশ নেন কণিকা। সেই সূত্রে গায়িকা আয়োজিত পার্টিতে যে সব রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন প্রায় প্রত্যেকেই করোনাভাইরাসের টেস্ট করাচ্ছেন। শুক্রবার রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেন, তিনি ও ছেলে বিজেপি সাংসদ দুষ্মন্ত রাজেও স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গিয়েছেন। উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং ওই পার্টিতে উপস্থিত থাকায় তিনিও পরীক্ষা করান।