#মিটু সাজাপ্রাপ্ত হার্ভের শরীরেও মিলল করোনা

হলিউডে হ্যাশট্যাগ মিটু ঝড় ওঠার পর সবচেয়ে বেশি অভিযোগ উঠে প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে। এর জেরে তিনি জেলে সাজা কাটছেন। এর মধ্যেই জানা গেছে, তার শরীরে সংক্রমিত হয়েছে করোনাভাইরাস। পরীক্ষায় এসেছে পজিটিভ রেজাল্ট।

অবশ্য খবরটির সত্যতা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি নিউইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেডলাইন জানায়, রবিবার সকালে ৬৮ বছর বয়সী হার্ভের শরীরে করোনা ধরা পড়ে। এই নিয়ে ভীষণ চিন্তায় পড়েছে জেল কর্তৃপক্ষ। কারণ অনেক অফিসারই হার্ভের সংস্পর্শে এসেছিলেন।

করোনা ধরা পড়ার পরপরই হার্ভেকে নিউইয়র্কের সবচেয়ে দুর্ভেদ্য জেল ওয়েন্ডে-তে আইসোলেশনে রাখা হয়েছে। এই জেলে দুজন বন্দীর দেহে করোনা ধরা পড়েছে৷ তার মধ্যেই একজন হার্ভে।

মূলত হার্ভের ওয়েনস্টেইনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন অত্যাচারের অভিযোগ থেকেই হ্যাশট্যাগ মিটু আন্দোলনের সূচনা হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। ওই সময় হার্ভের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েছেন শতাধিক নারী। যাদের মধ্যে অনেক বিখ্যাত অভিনেত্রীও রয়েছেন।

দুই নারীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অপরাধে ১১ মার্চ হার্ভেকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর কয়েক দিন আগেই তিনি ম্যানহাটনে হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপও রয়েছে।