আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের ২ পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

মাদারীপুর সদর উপজেলার বরাইলবাড়ী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমানের সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লাভলু তালুকদারের বিরোধ চলে আসছিল। এরই সূত্রে ধরে ও গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে গতকাল সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৫ পুলিশ সদস্য এবং দু’পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়। আহতরা মাদারীপুর সদর হাসপাতালসহ আশপাশের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

তবে লাভলু তালুকদার বলেন, ‘মজিবর ও তার ভাইয়েরা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত থাকে। সামান্য বিষয় নিয়ে সে ও তার লোকজন এ সংঘর্ষে জড়ায়। এতে আমার ১০ জন আহত হয়েছে।’

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ৫ পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। ঘটনাস্থল থেকে ১৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।