‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

কবি হেলাল হাফিজ তার ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতায় লিখেছিলেন এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়।

কবির প্রেক্ষিত ছিল আলাদা। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে এখন তো প্রায় যুদ্ধাবস্থাই চলছে! মাশরাফী বিন মোর্ত্তজা নিজের অফিশিয়াল ফেইসবুক পাতায় ওই কবিতার অনুকরণে লিখেছেন ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’

করোনাভাইরাসের বিস্তার এড়াতে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের প্রায় সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন নিয়মিত। সবাইকে অনুরোধ ও উদ্বুদ্ধ করছেন সব নিয়ম ও নির্দেশনা মেনে চলতে।

গত বৃহস্পতিবারও নিজের ফেইসবুক পাতায় করোনাভাইরাস নিয়ে প্রচারণা চালিয়েছিলেন মাশরাফী। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একটি ম্যাচের সময় গ্যালারি থেকে এক ভক্ত মাঠে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছিলেন মাশরাফীকে। সেই ছবিটি দিয়ে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক লিখেছিলেন না, এভাবে কাছে আসা যাবে না। না, এভাবে নিজের পরিচিত বা দূরের কাউকে জড়িয়ে ধরা যাবে না। সঙ্গে ছিল করোনাভাইরাস থেকে সুরক্ষা নিয়ে বিশদ লেখা।

যুক্তরাষ্ট্রে গিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে দেখা না করে হোটেলে উঠেছেন সাকিব আল হাসান, নিয়ম মেনে কোয়ারেন্টাইনে আছেন, ভিডিওতে নিজেই বলেছেন। নিজের অনুরোধ দিয়েই সবাইকে অনুরোধ করেছেন নিয়ম মানতে।

বছরের পর বছর ধরে ঐচ্ছিক অনুশীলনেও কখনো মুশফিকুর রহিমকে অনুপস্থিত দেখা যায়নি। কিন্তু বাস্তবতা অনুধাবন করে তিনিও নিজেকে আটকে রেখেছেন ঘরে। কয়েক দিন আগে নিজের ফেইসবুক পাতায় ভিডিওতে অনুরোধ করেছেন বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব নির্দেশনা মেনে চলতে।

আরেকটি ভিডিওতে রবিবার মুশফিক দেখিয়েছেন, ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে যাচ্ছেন ঘরে বসেই।

তামিম ইকবাল এমনিতে নিজেকে ঘরে আটকে রাখতে পারেন কমই। অনুশীলন, ফিটনেস নিয়ে কাজ করা তো বটেই, রেস্টুরেন্টে খাওয়া বা ঘুরে বেড়াতে পছন্দ করেন। তিনিও এখন গৃহবন্দি করে রেখেছেন নিজেকে। গত শনিবার ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দেশ, পরিবার ও সমাজের জন্য আমাদের সবাইকে কিছুদিনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। সবাই মিলে এই লড়াইয়ে জিততে হবে।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও আহ্বান করেছেন, সবাই মিলে লড়াই করতে সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন। দয়া করে সবাই ঘরে থাকুন। চলুন, লড়াই করি এই সময়ের সঙ্গে।