সড়কে প্রাণ গেল ৪ জনের

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমামসহ চারজন নিহত হয়েছেন। গত রবিবার থেকে গতকাল সোমবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এর চালক, ঝিনাইদহের শৈলকুপায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে দুই ব্যবসায়ী ও মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকের ধাক্কায় মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে

ঈশ্বরদীতে মোটরসাইকেল চালক নিহত : পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় টনি ফকির (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গত রবিবার রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহত টনি উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মহিদুল ফকিরের ছেলে।

শৈলকুপায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ : ঝিনাইদহের শৈলকুপায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া গ্রামের হাসমত আলী (৩৫) ও মিনারুল ইসলাম হোসেন (৩৩)।

শৈলকুপা থানার এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে সবজি নিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন তারা। পথে ঘটনাস্থলে পৌঁছালে আলমসাধুর চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

মানিকগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত : মানিকগঞ্জের শিবালয়ে ট্রাকচাপায় দেলোয়ার হোসেন দুলাল নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার উথুলী বাসস্ট্যান্ডের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দেলোয়ার উথুলী দক্ষিণপাড়ার শাহেজ উদ্দিনের ছেলে ও স্থানীয় একটি মসজিদের ইমাম। স্থানীয় বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসু দেব সিনহা জানান, সোমবার ভোরে সাইকেলযোগে নিজ বাড়ি থেকে পাশের নিহন্দ মসজিদে আজান দেওয়ার জন্য যাচ্ছিলেন দুলাল। পথে পাটুরিয়াগামী একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।