নতুন পাসপোর্ট ইস্যু বন্ধ

একই মেশিনে একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ায় স্বাস্থঝুঁকির কারণে নতুন করে সাধারণ মানুষের জন্য পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত রেখেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। গতকাল সোমবার সকাল থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন নেওয়া বন্ধ করা হয়েছে। তবে হজযাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রদান কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ দেশ রূপান্তরকে জানান, করনোভাইরাসজনিত স্বাস্থ্যঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগে যারা পাসপোর্ট করতে দিয়েছেন, তারা পাসপোর্ট পাবেন। তাদের নির্ধারিত সময়েই পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

তিনি বলেন, ‘তবে হজযাত্রীদের এবং বিশেষ জরুরি প্রয়োজনে পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে। সোমবার সকালে পাসপোর্ট অফিসে অনেককে ভিড় করতে দেখা গেছে। অনেকে বিভিন্ন লাইনে দাঁড়িয়েছিলেন। তবে পাসপোর্ট অফিসের নিরাপত্তাকর্মীরা লাইন থেকে সবাইকে সরিয়ে দেন। তাছাড়া পাসপোর্ট অফিসে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রবেশমুখেই নিরাপত্তাকর্মীরা সবার হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে বাধ্য করেছেন।