করোনাভাইরাস সংক্রমণ রোধে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সুরক্ষা পোশাক (পিপিই) বিতরণ শুরু করেছে দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান কনফিডেন্স গ্রুপ এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপপা)।
সোমবার থেকে প্রাথমিকভাবে ৪ হাজার পিপিএ বিতরণের কাজ শুরু হয়। এদিন সকালে কনফিডেন্স গ্রুপের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. অধ্যাপক কণক কান্তি বড়ুয়ার হাতে ১৮০ পিপিই হস্তান্তর করা হয়। দুপুরে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে বিতরণ করা হয় ৫০০ সেট পিপিই।
দুপুরে বিপপা’র পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে তুলে দেয়া হয় দুই হাজার সেট পিপিই।
সচিবালয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিপপা’র প্রেসিডেন্ট এবং কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সঙ্গেও দেখা করে পিপিই বিতরণের বিষয়টি অবহিত করেন তারা এবং এই উদ্যোগের মাধ্যমে আরও ৫০ হাজার পিপিই বিতরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা কামনা করেন।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস কর্তৃপক্ষের কাছে ৬০ সেট পিপিই তুলে দেয়া হয়।
এ ছাড়া মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ পিপিই বিতরণ করা হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর জন্য পাঠানো হয়েছে এক হাজার পিপিই।