গিউসেপ্পি বেরাডালি। করোনাভাইরাসে ইতালির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লমবার্ডির একটি গির্জার ধর্মযাজক। সম্প্রতি ভাইরাসে আক্রান্ত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন ৭২ বছর বয়সী এই ধর্মীয় নেতা।
রোগীর চাপ বেশি থাকায় লমবার্ডিতে যখন রেসপিরেটরের দারুণ সংকট (কৃত্রিমভাবে শ্বাস নেয়ার যন্ত্র) তখন বৃদ্ধ বেরাডালির জন্য নিজেদের উদ্যোগে একটি রেসপিরেটর কিনে দিয়েছিলেন তার গির্জার অন্যান্য সদস্যরা। কিন্তু এক তরুণ রোগীকে শ্বাসকষ্টে ভুগতে দেখে বেরাডিলি নিজের রেসপিরেটরটি তাকে দিয়ে দেন। এমনকি ওই তরুণকে ব্যক্তিগতভাবে চিনতেনও না তিনি। এরপরেই মৃত্যু হয় বেরাডেলির।
দয়ালু এবং পরোপকারী বলে, নিজের এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন এই ধর্মযাজক। ইতালির একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এমন খবর। বেরাডিলি হার্টের অসুখ ছিল বলেও জানিয়েছে ওই পত্রিকাটি।
যে তরুণের জন্য বেরাডিলির এই আত্মত্যাগ, তার এখন কি অবস্থা সেটা অবশ্য জানা যায়নি, তবে কম বয়সী রোগীদের ক্ষেত্রে রেসপিরেটর ব্যবহারে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি বলে জানান চিকিৎসকরা। এক টুইটার বার্তায় ভ্যাটিকানের একজন ধর্মযাজক বেরাডেলিকে দাতব্যকাজে শহীদ বলে আখ্যা দিয়েছেন।