রাজধানীর আরও এক হাসপাতালের চিকিৎসকরা কোয়ারেন্টাইনে

করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় রাজধানীর আরও একটি হাসপাতালের চিকিৎসকরা সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি এক রোগীর মৃত্যুর পর পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ায় ওই রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন যারা তারা মঙ্গলবার সেলফ কোয়ারেন্টাইনে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই রোগী ২৬ ফেব্রুয়ারি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের একটি কেবিনে ভর্তি ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ২২ মার্চ তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসেছিলেন নাকি হাসপাতালে এসে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।  

সোমবার রাতে মৃত ওই ব্যক্তির নমুনা পরীক্ষার ফল হাতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে ডেল্টা হসপিটালে টোলারবাগের এক রোগী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ওই হাসপাতালের চিকিৎসকদের একটি বড় অংশও কোয়ারেন্টাইনে আছেন।