মেসির পারিশ্রমিক ১৩১ মিলিয়ন ইউরো

ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিনের নতুন এক গবেষণা অনুযায়ী বিশ্বের সেরা ৩ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হলেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার। সবশেষ মৌসুমের প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের বেতন, ছবির স্বত্ব ও বোনাসসহ এই হিসাব দেওয়া হয়। তাতে বছরে সবচেয়ে বেশি পারিশ্রমিক বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, ১৩১ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে আছেন রোনালদো, নেইমার তৃতীয়।

বর্তমানে জুভেন্তাসে খেলা পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর বছরে পারিশ্রমিক ১১৮ মিলিয়ন ইউরো। সর্বোচ্চ ট্রান্সফার ফিতে ২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের পারিশ্রমিক ৯৫ মিলিয়ন ইউরো। চতুর্থ স্থানে আছেন রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল। তার পারিশ্রমিক ৩৮.৭ মিলিয়ন ইউরো। কোচদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক আতলেতিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনের। বছরের তিনি পান ৪০.৫ মিলিয়ন ইউরো। ইতালিয়ান ক্লাব ইন্তার মিলানের কোচ আন্তনিও কন্তের পারিশ্রমিক বছরে ৩০ মিলিয়ন ইউরো। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার পারিশ্রমিক ২৭ মিলিয়ন ইউরো। ইন্টারনেট।