ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি আশা করছেন এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠবেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালদিনি ও তার ছেলে দানিয়েল, এমন খবর শনিবার নিশ্চিত করা হয় ক্লাবের পক্ষ থেকে।
ইন্সটাগ্রামে এক ভিডিওবার্তায় সোমবার মালদিনি বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাই সামাজিক যোগাযোগমাধ্যমে যারা আমার এবং আমার ছেলের জন্য ভালোবাসা দেখিয়েছেন এবং আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন। আমরা এখন ভালো আছি। এই ভাইরাস থেকে আর এক সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়া উচিত। আপনাদের ক্রমাগত স্নেহের জন্য ধন্যবাদ।’ ডাক্তার, নার্সদের ধন্যবাদ জানিয়েছেন মালদিনি। এছাড়া এই পরিস্থিতিতে যারা জরুরি সেবা দিয়ে যাচ্ছেন তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মালদিনি।
সুস্থ আর্তেতা : সুস্থ হয়ে উঠেছেন ইংলিশ ক্লাব আর্সেনালের কোচ, স্পেনের সাবেক ফুটবলার মিকেল আর্তেতা। ১২ মার্চ করোনাভাইরাস ধরা পড়েছিল তার শরীরে। সোমবার ৩৭ বছরের আর্তেতা জানান, ‘তিন-চার দিন পরই আমি ভালো অনুভব করতে শুরু করি। শক্তি ফিরে পেতে থাকি। উপসর্গগুলো দূর হতে শুরু করে। আমি এখন খুব ভালো আছি। আমার মনে হচ্ছে, আমি সুস্থ হয়ে গিয়েছি।’ এখন অবশ্য আর আর্তেতাকে ঘিরে কোনো শঙ্কা নেই। তার কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হলেও ফুটবলারদের মাঠে ফিরতে মানা করেছে আর্সেনাল কর্র্তৃপক্ষ। অনুশীলন বন্ধ রেখেছে ক্লাবটি। এক বিবৃতিতে তারা বলেছে, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা নিশ্চিত যে, এই সময়ে খেলোয়াড়দের অনুশীলনে ফিরতে বলাটা অনুপযুক্ত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হবে। তাই আমাদের পুরুষ, মহিলা ও অ্যাকাডেমি দলের সব সদস্য বাসায় থাকবেন। ঘরে থাকুন এবং জীবন বাঁচান।’