যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাস্ক দেবে অ্যাপল

যুক্তরাষ্ট্র ও ইউরোপে অনুদান হিসেবে অ্যাপলের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হবে। করোনাভাইরাসের আক্রমণে বিশ্বের অনেক দেশই চিকিৎসাসেবায় নিয়োজিত মানুষদের হাতে মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম দিতে পারছে না। এই ঘাটতি মেটাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই তালিকায় এবার নাম লেখাল অ্যাপল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ২০ লাখ এন ৯৫ মাস্ক আসছে। তবে অ্যাপল প্রধান টিম কুক মাস্কের সংখ্যা নিয়ে এখনো সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাননি। মাস্ক ছাড়া ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে অ্যাপল। এ ছাড়া অ্যাপ কার্ড মালিকদের বিনা সুদে মার্চ মাসের প্রদেয় দেওয়ার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

কভিড-১৯-কে হারানোর লড়াইয়ে শামিল হয়েছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি ও আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা। ইউরোপ ও এশিয়ার অনেক দেশে মাস্ক, পরীক্ষা কিট ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম পাঠিয়েছেন তিনি। অন্যদিকে ভেন্টিলেটরের বানিয়ে দেওয়ার প্রস্তাব এসেছে মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের প্রধান ইলন মাস্কের পক্ষ থেকে।