টেলিটকের সেবার মান উন্নতকরণ নিশ্চিতে হাইকোর্টের রুল

সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সেবার মান উন্নতকরণ নিশ্চিতে রুল দিয়েছে হাইকোর্ট। এর নেটওয়ার্ক সুবিস্মৃতকরণ এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী গ্রাহকদের যথাযথ সেবা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছে আদালত। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রুল দেয়। চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা) এবং টেলিটক কোম্পানিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গত ৫ মার্চ আবেদনটি করা হয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

তিনি বলেন, ‘কয়েকটি বেসরকারি মোবাইল কোম্পানি দেশের নাগরিকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে লাভ করছে। কিন্তু সরকারি মোবাইল কোম্পানি টেলিটক উঠে দাঁড়াতেই পারছে না। এর গ্রাহক সংখ্যা মাত্র ৪০ লাখ। অথচ গ্রামীণ, বাংলালিংক, রবিসহ অন্যান্য বেসরকারি মোবাইলের গ্রাহক কোটি কোটি। টেলিটকের নেটওয়ার্ক খুবই দুর্বল। দেশব্যাপী এর নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে মানুষ বেসরকারি মোবাইল কোম্পানির দিকে ঝুঁকছে। এসব যুক্তিতে আবেদনটি করা হলে আদালত রুল দিয়েছে।’