করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার পর ১৬০০ শিক্ষার্থীর মার্চ মাসের বেতন মওকুফ করার ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুল। একই সঙ্গে স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা ট্রাস্ট থেকে পরিশোধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন দেশ রূপান্তরকে জানান, দেশের বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যানিকেতন স্কুলটি শহরের পিছিয়ে পড়া এলাকায় অবস্থিত এবং অধিকাংশ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের সন্তান। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম দেশ রূপান্তরকে জানান, শিক্ষার্থীদের থেকে বেতন না নেওয়া হলেও শিক্ষকদের বেতন দেওয়া হবে।