সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধের মৃত্যু

শ্বাসকষ্ট নিয়ে সিলেটে হোম কোয়ারেন্টাইনে থাকা এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। তার ছেলে এক সপ্তাহ আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন।

মঙ্গলবার দিবাগত রাত ৯টায় নগরের হাউজিং এস্টেট এলাকার ওই বাসিন্দা মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো তাকে। গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে তার ছেলে দেশে ফেরেন। পরদিন ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হলে বাবাকে নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে যান প্রবাসী ছেলে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ওই বাসা পরিদর্শন করেছেন। ওই বৃদ্ধকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছিলেন।

সিসিকের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ওই ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিতের জন্য কোনো পরীক্ষা করানো হয়নি।

তিনি জানান, জেলা প্রশাসক ও সিভিল সার্জন জনসমাগম না করে দ্রুত লাশ দাফনের ব্যবস্থা গ্রহণের কথা বলেন। পারিবারিকভাবে রাতেই নগরের মানিক পীরের টিলায় তাকে দাফন করা হয়।