‘বেদের মেয়ে জোসনা’য় স্পেশাল কিছু আছে: সত্যজিৎ রায়

সদ্য প্রয়াত মতিউর রহমান পানু প্রযোজিত ‘বেদের মেয়ে জোসনা’ শুধু ঢালিউডের শীর্ষ ব্যবসাসফল ছবিই নয়, কলকাতায় রিমেক হয়ে পেয়েছিল ভীষণ সমাদর। সেই সময় বিখ্যাত নির্মাতা সত্যজিৎ বায় সিনেমাটির প্রতি আগ্রহী হন।

‘অশনি সংকেত’ নির্মাতার ধারণা ছিল, ‘বেদের মেয়ে জোসনা’য় বিশেষ কিছু আছে, যার কারণে দর্শক ছবিটি পছন্দ করেছেন।

কয়েক বছর আগে জি বাংলার ‘অপুর সংসার’ নামের চ্যাট শোতে ‌‘বেদের মেয়ে জোসনা’ ও সত্যজিতের প্রসঙ্গটি আনেন কৌশিক ব্যানার্জি।

পশ্চিমবঙ্গে তখন রমরমিয়ে ‘বেদের মেয়ে জোসনা’ চলছে। এমনি একদিন সত্যজিতের বাড়ি যান কৌশিক। সত্যজিৎ বললেন, ‍“তোমরা নাকি একটা ছবি করেছো লোকে খুব দেখছে, তা ছবিটার গল্পটা একটু বলো তো।”

এই কথায় কিছুক্ষণ চুপ থাকেন কৌশিক। ভাবছেন কী বলবেন। সত্যজিতের সঙ্গে সাঁপুড়ের বীণ বাজানো, ধরে জেলে বন্দি করা কখনো যায়? পরে আমতা আমতা করে বলেন, ‍“না, ওসব আপনি কী শুনবেন। সেই রকম মানসম্মত কোন ছবি না। মানে…” সত্যজিৎ থামিয়ে দিয়ে বলেন, ‍“না না না, তুমি এভাবে বলতে পারো না। ছবিটা লোকে দেখছে তার মানে এতে কিছু একটা আছে যেটা মানুষকে টানছে। সেইরকম স্পেশাল কী আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো।”

মূল ছবিটি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল। পরে কলকাতার জন্য রিমেক করেন মতিউর রহমান পানু। ঢাকায় ইলিয়াস কাঞ্চন থাকলেও কলকাতার সংস্করণে অভিনয় করেন চিরঞ্জিত, অঞ্জু ঘোষ ও কৌশিক ব্যানার্জি। সেখানে অনেক হলে মাসের পর মাস ছবিটা চলে। সে জনপ্রিয়তার সূত্রে কলকাতায় থিতু হন অঞ্জু।