করোনা: প্রতিরোধে মোংলার মাঠে নৌবাহিনী

করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মোংলায় নেমেছে নৌবাহিনী।

বুধবার দুপুরে নৌবাহিনীর ‘মোংলা কন্টিনজেন্ট’ মোংলা বন্দর এলাকা, পৌর শহর ও শহরতলীতে তাদের কার্যক্রম শুরু করেছেন।

বিদেশ থেকে আগতদের নিজ বাড়িতে থাকা এবং করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া সকল নির্দেশনা পালন ও বাস্তবায়ন করবে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা কন্টিজেন্টের দুই প্লাটুনে সদস্য রয়েছেন ২০ জন।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানের সঙ্গে বৈঠক শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহায়তা করছেন তারা।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার সালাউদ্দিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখানে নিয়োজিত হয়েছি। পুলিশ, স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে একসাথে কাজ করবো।