করোনাভাইরাসে আক্রান্ত হ্ওয়ার আশঙ্কায় রোগী শূন্য হয়ে পড়েছে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রসূতি রোগী ছাড়া কেউ ভর্তি হচ্ছেন না।
গত ২৪ ঘণ্টায় ৬ জন প্রসূতির নরমাল ডেলিভারি হলেও ভর্তি হয়েছেন চারজন।
পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডসহ ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের তিনটি ওয়ার্ডই এখন রোগী শূন্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় মহিলা ওয়ার্ডে ভর্তি চারজনের সবাই ডেলিভারি রোগী। জরুরি বিভাগ এবং আউটডোরেও কমেছে রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় জরুরি বিভাগে ৫০ জন, আউটডোরে নারী ২৫ জন, পুরুষ ৩৫ জন ও ১৭ জন শিশু চিকিৎসা নিয়েছে বলে সূত্র জানায়। যেখানে প্রতিদিন তিন থেকে পাঁচশ রোগী চিকিৎসাসেবা নিতে আসতো এখানে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল আলম সুমন বলেন, আমাদের ডাক্তার, নার্সসহ সকল স্টাফ হাসপাতালে রয়েছে। মঙ্গলাবার রাতে ৬ জন প্রসূতির নরমাল ডেলিভারি করার পর দুইজন বাড়িতে চলে গেছে। বাকি চারজন আজ বুধবার চলে যেতে চাচ্ছেন।
তিনি বলেন, করোনাভাইরাসজনিত কারণে ছোটখাটো সমস্যা নিয়ে কেউ হাসপাতালে আসছে না, মোবাইল ফোনে পরামর্শ নিচ্ছেন।
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, দাউদকান্দিতে এখনো করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী চিহ্নিত না হলেও আইসোলেশনের জন্য শহিদনগর ট্রমা সেন্টারকে প্রস্তুত রাখা হয়েছে।