করোনাভাইরাসের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকসহ সকল বদলি কার্যক্রম স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংকট কেটে গেলে পুনরায় শিক্ষক বদলি শুরু হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নীতিমালা অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবারও যথা সময়ে সহকারী শিক্ষকদের বদলি আবেদন জমা নেওয়া হলেও বদলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বদলি প্রত্যাশী আবেদনকারী শিক্ষকরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক মো. ফসিউল্লাহ বুধবার দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বদলি কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, গত ১৯ মার্চ থেকে শিক্ষক-কর্মকর্তাদের বদলি বন্ধ রাখা হয়েছে। তবে যারা বদলির জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে যারা যাচাই-বাছাইয়ে যোগ্য বলে বিবেচিত হবেন পরিস্থিতি স্বাভাবিক হলে সেসব শিক্ষকদের বদলি করা হবে।